জামালপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। গতকাল বেলা ১টার দিকে সদর উপজেলার দিগপাইত এলাকায় টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া হবিগঞ্জ, বগুড়া, গোপালগঞ্জ ও টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় আরো পাঁচজনের প্রাণহানি হয়েছে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

জামালপুর: গতকাল দুপুরে জামালপুর থেকে একটি কাভার্ড ভ্যান টাঙ্গাইলে যাচ্ছিল। পথে সদর উপজেলার দিগপাইত এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশাকে সামনে থেকে ধাক্কা দেয় কাভার্ড ভ্যানটি। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। আহতদের জামালপুর জেনারেল হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক আরো দুজনকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরো একজন।

নিহতরা হলেন সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের নারায়ণপুর গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে চাঁন মিয়া (৬৫), সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের সানাকুর গ্রামের হায়দার আলীর ছেলে রাশেদ মিয়া (৩০), একই ইউনিয়নের উচ্চগ্রাম এলাকার শরিফ আহাম্মেদের স্ত্রী আরিফা খাতুন পলি (২৮) ও ধনবাড়ী এলাকার সুমাইয়া খাতুন সিকি (২১)। আহতরা হলেন সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের নারায়ণপুর গ্রামের চানু মিয়ার স্ত্রী সন্ধ্যা বেগম (৫০), একই উপজেলার তিতপল্লা ইউনিয়নের তয়েজ আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৪০), দিগপাইত এলাকার চাঁন মিয়ার মেয়ে সাদিকা আক্তার (২৫), একই এলাকার বাদশা মিয়ার মেয়ে ফারজানা বেগম (২২) ও সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের উচ্চগ্রামের শরিফ আহাম্মেদের ছেলে আরশ (৫)। এদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য শিশু আরশ, সাদিকা আক্তার, সন্ধ্যা নামে তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব জানান, কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

হবিগঞ্জ: ঢাকা-সিলেট মহাসড়কে বাস উল্টে এক শিশুসহ দুজন নিহত হয়েছে। গতকাল সকাল ৭টায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেজুড়ার কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার বীরপাশা গ্রামের পন্টু মিয়ার ছেলে বাদল (২৫) ও ছয় মাস বয়সী শিশু আলী হায়দার। এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান জানান, বাসটি চুনারুঘাট থেকে বিজয়নগরের বীরপাশায় ফেরার পথে বেজুড়া নামক স্থানে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাসটি উল্টে গেলে বাদল ও শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। তারা সবাই চুনারুঘাট উপজেলার একটি মাজারে জিয়ারত শেষে বাড়ি ফিরছিলেন।

বগুড়া: জেলার কাহালুতে অটোভ্যানের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার বিবিরপুকুর রহিম ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইলিয়াস হোসেন সিফাত (২৪) দুপচাঁচিয়া উপজেলার চকশুকানগাড়ী গ্রামের ইউনুছ আলীর ছেলে।

গোপালগঞ্জ: দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। গতকাল ভোরে গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিরাজ মিয়া (৪৫) বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া গ্রামের মৃত জব্বার মিয়ার ছেলে। তিনি বেসিক ব্যাংক নরসিংদী শাখায় কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। মিরাজ মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি থেকে নরসিংদী কর্মস্থলে যাতায়াত করতেন বলে জানা গেছে।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার এসআই রোমান মোল্লা জানান, ভোরে গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলে করে নরসিংদীর উদ্দেশে রওনা দেন মিরাজ। গোপালগঞ্জের ডুমদিয়া নামক স্থানে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। সেখানে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

টাঙ্গাইল: কালিহাতীতে কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক নিহত হয়েছেন। গতকাল দুপুরে কালিহাতী থানার পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদ মিয়া (৩০) নীলফামারীর সৈয়দপুর উপজেলার নাউয়াপাড়া গ্রামের মোতাহের হোসেনের ছেলে।