রাঙ্গামাটিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সকাল ৯টার দিকে সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের খামারপাড়ায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
ইউপিডিএফ জানায়, গুলিতে নিহত নির্মল খীসা (৩২) নানিয়ারচর উপজেলার নানিয়ারচর ইউনিয়নের তৈ চাকমা গ্রামের সুনীল বিহারী খীসার ছেলে। হত্যাকাণ্ডের ঘটনায় সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (জেএসএস) দায়ী করেছে ইউপিডিএফ। তবে হত্যাকাণ্ডের অভিযোগ প্রসঙ্গে জেএসএসের কোনো বক্তব্য জানা যায়নি।
হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইউপিডিএফের রাঙ্গামাটি জেলা সংগঠক সচল চাকমা বলেন, ‘আগে থেকে ওঁৎ পেতে থাকা জেএসএস সন্তু গ্রুপের ছয়-সাতজন ইউপিডিএফ সদস্যদের ওপর হামলা চালায়। এ সময় গুলি করে ইউপিডিএফ সদস্য নির্মল খীসাকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর হামলাকারীরা কাটাছড়ি স্বর্গপুর বনভাবনা কেন্দ্রের দিকে চলে যায় বলে স্থানীয়রা জানিয়েছে।’
রাঙ্গামাটি কোতোয়ালি থানার ওসি মো. সাহেদ উদ্দিন বলেন, ‘পুলিশ ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করেছে।’
এর আগে গত বুধবার বিকালে রাঙ্গামাটির বরকল উপজেলার সুবলং ইউনিয়নের রূপবান বাজারে কমল বিকাশ চাকমা নামে জেএসএসের কর্মীকে গুলি করে হত্যা করা হয়।










