নরসিংদী রেলস্টেশনে তরুণী হেনস্থার ঘটনায় করা মামলায় অভিযুক্ত আসামি মার্জিয়া আক্তার শিলাকে গ্রেফতার করেছে র‍্যাব। রোববার দিবাগত রাত ৩টায় শিবপুর উপজেলার শিবপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব-১১।

র‍্যাব-১১-এর কোম্পানি কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট তৌহিদুল মবিন খান জানান, রেলস্টেশনে তরুণীকে হেনস্থার ঘটনার ভিডিও ফুটেজ দেখে মার্জিয়া আক্তারকে শনাক্ত করা হয়েছে। উল্লেখ্য, গত ১৮ মে ঢাকা থেকে দুই যুবক ও এক তরুণী নরসিংদীতে বেড়াতে যান। তারা ঢাকায় ফেরার পথে নরসিংদী রেলওয়ে স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করতে থাকেন। এ সময় এক নারী তাদের পোশাক দেখে বাজে মন্তব্য করেন। একপর্যায়ে স্টেশনে স্থানীয় এক বখাটেসহ ওই নারী ঢাকা থেকে আসা তরুণী ও যুবককে মারধর করে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

 গত ২১ মে এ ঘটনায় অভিযুক্ত ইসমাইল নামে এক বখাটেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। তাকে তিনদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠান আদালত।