ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুরে পণ্যবাহী ট্রাকে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল চালক মজিবুর রহমানকে (৫৫) খুন করে নগদ টাকা ও পণ্য লুট করে। পরে চালকের মরদেহটি ব্রিজের নিচে ফেলে পালিয়ে যায় তারা। গতকাল ভোরে মির্জাপুর উপজেলার পুষ্টকামুরী চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতদের হামলায় আহত হয়েছেন ট্রাকের হেলপার হাসান।

ট্রাকের হেলপার হাসান জানান, দিনাজপুর থেকে পাথরভর্তি ট্রাক নিয়ে সাভারের বারবারিয়া যাচ্ছিলেন তারা। ট্রাকটি মির্জাপুর উপজেলার পুষ্টকামুরী চরপাড়া এলাকায় পৌঁছলে চার-পাঁচজনের ডাকাত দল ট্রাকে হানা দেয়। এ সময় তারা চালক ও তাকে জিম্মি করে মারপিট শুরু করে। পরে ডাকাত দলের সদস্যরা নগদ টাকা ও মালামাল লুটে নিয়ে চালককে হত্যার পর ব্রিজের উপর থেকে ফেলে দিয়ে পালিয়ে যায়।

মির্জাপুর থানার ওসি (তদন্ত) মো. গিয়াস উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইলে পাঠানো হয়েছে।