যশোরে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে খাদিজাতুল কোবরা (৫) নামে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে তার দুই ভাই। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে শহরের শংকরপুর এলাকায় এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

নিহত খাদিজাতুল কোবরা ওই এলাকার সুমি খাতুন ও তার প্রয়াত স্বামী সুজনের মেয়ে। আহতরা হলো সুমি খাতুন ও তার স্বামী সুজনের ছেলে সবুজ আহম্মেদ (৭) এবং সুমি খাতুনের বর্তমান স্বামী শাহাদাত হোসেনের মেয়ে আয়েশা খাতুন (৩)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে ওই শিশুরা মাঠে খেলা করছিল। এ সময় সবুজ বলের মতো দেখতে একটি বস্তু (ককটেল) কুড়িয়ে পায়। সেটিকে বাসায় নিয়ে এসে অন্য দুই ভাই-বোনের সঙ্গে খেলা করার সময় বিস্ফোরিত হয়। বিস্ফোরণে খাদিজা ও সবুজ গুরুতর আহত হয় এবং আয়েশাও আঘাতপ্রাপ্ত হয়। স্থানীয় লোকজন তাদের যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক খাদিজা ও সবুজকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পরামর্শ দেন। ঢাকায় নিয়ে যাওয়ার পথে নড়াইলে শিশু খাদিজার মৃত্যু হয়।

ঘটনার পর সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা কুড়িয়ে পাওয়া বোমার স্থান ও ঘটনাস্থল পরীক্ষা-নিরীক্ষা করেন এবং আর কোনো বোমা আছে কিনা তা খুঁজে দেখেন। তবে সেখানে আর কোনো ককটেল বা বোমার সন্ধান পাওয়া যায়নি।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আবুল হাসনাত বলেন, কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে তিন শিশু আহত হয়। এর মধ্যে ঢাকা নেয়ার পথে একজনের মৃত্যুর খবর পেয়েছেন তারা।