গাজীপুর সাফারি পার্কে জলহস্তি পরিবারে এসেছে নতুন অতিথি। নতুন শাবককে ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছে মা জলহস্তি। বর্তমানে পার্কে নতুন শাবকসহ জলহস্তির সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচটিতে। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তারেক রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, ‘মাঝে মধ্যে শাবক নিয়ে মা জলহস্তি বেষ্টনীর ভেতরে ডাঙায় উঠে আসছে। আমরা তাদের দেখতে দ্রুত বেষ্টনীতে গেলে আবার গভীর পানিতে ডুবে যাচ্ছে। মাঝে মধ্যে জলাধারের কোথাও সামান্য ভেসে উঠেই আবার হারিয়ে যাচ্ছে। যেন সে আমাদের সঙ্গে লুকোচুরি খেলছে।’
পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো বলেন, ‘কত তারিখে শাবকটির জন্ম হয়েছে তা নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না। হঠাৎ দেখি মা জলহস্তির সঙ্গে পানি থেকে ডাঙায় উঠে আসছে। এখনো শাবকটির লিঙ্গ শনাক্ত করা যায়নি। এটি শনাক্ত করতে আরো কিছুদিন সময় লাগতে পারে।’ বর্তমানে শাবকটিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের বাড়তি খাবার দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।










