কুড়িগ্রামের নাগেশ্বরী পৌর এলাকার মালভাঙা ভাই ভাই মোড়ে আগুন লেগে আটটি দোকানঘরসহ ৩০ লক্ষাধিক টাকার মালপত্র পুড়ে গিয়েছে। শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। কেউ শত্রুতা থেকে দোকানে আগুন দিয়েছে বলে থানায় লিখিত অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা। এর আগেও এ এলাকায় কয়েকবার আগুন দেয়ার ঘটনা ঘটেছে।
দোকান মালিকরা জানান, মোড়ের মমিন নামে ব্যবসায়ীর মুদি দোকানে কয়েকবার চুরি যায়। এরপর দোকানটি ভালোভাবে সুরক্ষার ব্যবস্থা করায় চুরি করতে না পেরে এর আগে তিনবার রাতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। তাতে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। কিন্তু এবার কোনো জ্বালানি ব্যবহার করে আগুন দেয়া হতে পারে। ফলে দ্রুত মমিনের দোকানসহ আশপাশের আরো সাতটি দোকান পুড়ে ছাই হয়।
নাগেশ্বরী থানার ওসি নবীউল হাসান জানান, ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা অভিযোগ করেছেন। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।










