গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নামে ১৬১ জন জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞপ্তি ও কার্যাদেশ ছড়িয়েছে একটি প্রতারক চক্র। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আলমগীর হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে সতর্ক করা হয়।
ভুয়া বিজ্ঞপ্তির বিষয়ে মন্ত্রণালয় জানিয়েছে, এ ধরনের বিজ্ঞপ্তির সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। তাই এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে সবাইকে সতর্ক থাকতে হবে।
মন্ত্রণালয়ের নজরে আসা ভুয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় প্রকল্প কমিটি কর্তৃক সিদ্ধান্ত মোতাবেক মোট ১৬১ জন জনবল নিয়োগের লক্ষ্যে নিরাপত্তা কর্মী, লিফটম্যান, কম্পিউটার মুদ্রাক্ষরিক ও অফিস সহায়ক পদে নিয়োগ দেয়া হবে।’ সেখানে আউটসোর্সিং প্রতিষ্ঠান খন্দকার ট্রেডার্সকে ১৩ নম্বর প্যাকেজে অনুমতি দেয়ার কথাও উল্লেখ করা হয়েছে। ভুয়া পত্রে ৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখের ২৫,০০,০০০,০৫৬,৩৫,০০৩,২২-০৫৪ স্মারক নম্বর ব্যবহার করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, খন্দকার ট্রেডার্স জনবল নিয়োগের আদেশ অবিলম্বে কার্যকর করবে ও নিয়োগপ্রাপ্ত ১৬১ কর্মীর বেতন দেয়া হবে প্রতিষ্ঠানটির হিসাব নম্বর ০০৫৩৩০১২৬৬১, স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি, তোপখানা রোড শাখা থেকে।
মন্ত্রণালয় জানিয়েছে, প্রতারক চক্র ওই ভুয়া পত্রে মন্ত্রণালয়ের পরিকল্পনা শাখা-৩ এর উপসচিব আবুল বাকের মো. তৌহিদ এর নাম ও স্বাক্ষর ব্যবহার করেছে। অথচ তিনি বর্তমানে যুগ্মসচিব (পরিকল্পনা ও উন্নয়ন অধিশাখা-১) হিসেবে দায়িত্ব পালন করছেন।
মন্ত্রণালয় জানিয়েছে, ওই বিজ্ঞপ্তি ও কার্যাদেশ সম্পূর্ণ ভুয়া এবং প্রতারণার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। তাই এ ধরনের ভুয়া বিজ্ঞপ্তি বা কার্যাদেশের বিষয়ে কেউ যেন প্রতারিত না হয় সে জন্য সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।










