কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় চার কিলোমিটার এলাকাজুড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে প্রায় দুই হাজার বিঘা জমির পানের বরজ পুড়ে গেছে। পাশাপাশি গমসহ অন্যান্য ফসলও পুড়ে গেছে। এর মধ্যে কিছু বাড়িও রয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ ৫০ কোটি টাকারও বেশি ছাড়িয়ে যাবে বলে দাবি করছেন স্থানীয়রা। তবে কীভাবে আগুনের সূত্রপাত সেটা নিশ্চিত হওয়া যায়নি।

গতকাল দুপুরে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের পদ্মা নদীর তীরবর্তী রায়টা, নিশ্চিন্দ্রপুর, মাধবপুর, গোসাইপাড়া গ্রামের পানবরজে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। ভেড়ামারা ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে কুষ্টিয়া সদর থানা, মিরপুর উপজেলা ও ঈশ্বরদী উপজেলার ফায়ার সার্ভিসের আরো তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার পরপরই কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য কামারুল আরেফিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুণ্ডু ঘটনাস্থল পরিদর্শন করেন। 

উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা পাথরঘাটার পানবরজ থেকে এ আগুনের সূত্রপাত বলে জানা গেছে। পরে আগুন গোসাইপাড়া, রায়টা, মাধবপুর, নিশ্চিন্দ্রপুরসহ আশপাশের গ্রাম পর্যন্ত প্রায় চার কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। আগুনে দুই হাজারের বেশি পানচাষীর কয়েক হাজার বরজ পুড়ে গেছে।

ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, দ্রুত আগুন নেভানোর চেষ্টা চালানো হয়। কিন্তু বাতাসে আগুনের তীব্রতা বৃদ্ধি পেলে তা আশপাশে ছড়িয়ে পড়ে। পরে কুষ্টিয়া সদর, মিরপুর ও ঈশ্বরদী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটকে খবর দেয়া হয়। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুনের সূত্রপাতের বিষয়ে তাৎক্ষণিক কিছু জানা যায়নি। ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা চলছে।

এ ব্যাপারে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুণ্ডু বলেন, ‘অগ্নিকাণ্ডে যেসব চাষী ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সহায়তা দেয়া হবে।’