চাঁদপুরে ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় পদ্মা-মেঘনায় নৌ-পুলিশ ও কোস্ট গার্ড অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কারেন্ট জালসহ ১০ জেলেকে আটক করেছে। বৃহস্পতিবার মধ্যরাত থেকে গতকাল সকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করে নৌ-পুলিশ ও কোস্ট গার্ড। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক ১০ জেলেকে এক বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করেন চাঁদপুর সদরের সহকারী কমিশনার মো. হেলাল উদ্দিন।
নৌ-পুলিশ ও কোস্ট গার্ড সূত্র জানায়, ইলিশের উৎপাদন বাড়াতে ৪-২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ প্রজনন ক্ষেত্রে ইলিশসহ সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ করেছে সরকার। এর অংশ হিসেবে চাঁদপুরের পদ্মা-মেঘনার নৌ সীমানায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় কোস্ট গার্ড সদস্যরা নদী থেকে মাছ শিকাররত অবস্থায় এক লাখ মিটার কারেন্ট জালসহ ১০ জেলেকে আটক করেন। এছাড়া একই দিনে চাঁদপুর নৌ-পুলিশ অভিযান চালিয়ে ১০ লাখ মিটার কারেন্ট জালসহ ৬০ কেজি ইলিশ জব্দ করে। জব্দকৃত ইলিশ অসহায়-দুস্থদের মাঝে বিতরণ করা হয়। আর জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।
চাঁদপুর নৌ-পুলিশ সুপার কামরুজ্জামান বলেন, আমাদের উদ্দেশ্য জেলেদের সচেতন করা। এ সময়ে তারা যেন নদীতে জাল না ফেলে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।










