পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ভারতে কোনো অবৈধ বাংলাদেশী থাকলে তাদের যথাযথ প্রক্রিয়ায় ফিরিয়ে আনা হবে।
গতকাল বিকালে সিলেট নগরীর আখালিয়ায় বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) আয়োজিত মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত এমন কিছু করবে না, যাতে বাংলাদেশে অশান্তি হয়। ভারত ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকে, সেখানে অশান্তি হলে বাংলাদেশে অশান্তি দেখা দেয়। তাই ভারত কথা দিয়েছে এমন কিছু করবে না, যাতে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়।
এর আগে ১৯ বিজিবির বাস্কেটবল গ্রাউন্ডে প্রায় ১৭ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়। বিজিবি কর্মকর্তারা জানান, জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) ২০১৮ সালের ৫ মে থেকে চলতি বছরের ১০ ডিসেম্বর পর্যন্ত এসব মাদকদ্রব্য জব্দ করে। ধ্বংসকৃত মাদকদ্রব্যের বাজারমূল্য প্রায় ১৭ কোটি টাকা। মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ভারতীয় বিভিন্ন ব্যান্ডের হুইস্কি, ফেনসিডিল, বিয়ার, গাঁজা, ইয়াবা, বিড়ি, সিগারেট।










