পটুয়াখালীর গলাচিপায় বিএনপি ও গণঅধিকার পরিষদ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার চরকাজল ইউনিয়নের চরশিবা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয়পক্ষ একে অপরকে দোষারোপ করছেন।

আহতদের মধ্যে রয়েছেন চরশিবা ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস রাঢ়ী, সদস্য সবুজ রাঢ়ী, নূরনবী রাঢ়ী, হাসান রাঢ়ী, কুদ্দুস ব্যাপারী, ইয়াকুব রাঢ়ী, ওমর রাঢ়ী, রাহান রাঢ়ী ও সলেমান রাঢ়ী। তারা সবাই বিএনপি ও অঙ্গ সংগঠনের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। অন্যদিকে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে আহত হয়েছেন যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. সোহেল খলিফা, দলীয় কর্মী আজমির খলিফা, শাহাবুল খলিফা, আমেনা বেগম, নাঈম খলিফা ও নবীন খলিফা।

আহত যুবদল নেতা মো. ইলিয়াস রাঢ়ী বলেন, ‘মিছিল শেষে বাড়ি ফেরার সময় গণঅধিকার পরিষদের কর্মীরা আমাদের লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়।’

তবে যুবঅধিকার নেতা সোহেল খলিফা বলেন, ‘দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হলে বিএনপির লোকজন লাঠিসোটা নিয়ে হামলা করে।’

এ ব্যাপারে গলাচিপা থানার ওসি মো. আশাদুর রহমান বলেন, ‘দুই পরিবারের সদস্যরা দুই রাজনৈতিক দলের সমর্থক। এলাকায় প্রভাব বিস্তার নিয়ে তাদের মধ্যে পারিবারিক বিরোধ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এ নিয়ে সংঘর্ষ হতে পারে। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’