লেজার চিকিৎসার মাধ্যমে চোখের দৃষ্টিশক্তি নষ্ট করে দেয়ার অভিযোগ উঠেছে ঢাকার দীন মোহাম্মদ চক্ষু হাসপাতালের রেটিনা বিশেষজ্ঞ অধ্যাপক ডা. দীপক কুমার নাগের বিরুদ্ধে। অভিযোগ তুলেছেন আরেক চিকিৎসক মাহজাবিন হক মাশা। গতকাল ময়মনসিংহ প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ তোলেন তিনি।

সংবাদ সম্মেলনে ডা. মাহজাবিন হক বলেন, চোখের কিছু সমস্যা অনুভব করায় গত ১ জুন তিনি রাজধানীর দীন মোহাম্মদ চক্ষু হাসপাতালে ডা. দীপক কুমার নাগের কাছে যান। ডা. দীপক চোখ পরীক্ষা করে দুই চোখেই দ্রুত লেজার অপারেশন করতে বলেন। অপারেশন শুরু হলে তিনি চোখে যন্ত্রণা অনুভব করেন। লেজার প্রয়োগের পর থেকেই চোখের সমস্যা বাড়তে থাকলে পরবর্তী সময়ে তিনি থাইল্যান্ডের একটি হাসপাতালে চোখের উন্নত চিকিৎসা করান। সেখানকার চিকিৎসকরা জানান, আগের চিকিৎসাটি ভুল ছিল।

ভুল চিকিৎসার ঘটনায় গত আগস্টে ময়মনসিংহ আদালতে দীপক কুমার নাগের বিরুদ্ধে মামলা করেন মাহজাবিন হক। ওই মামলা চলমান। তিনি দ্রুত ডা. দীপককে গ্রেফতার করে তার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

এ বিষয়ে ডা. দীপক বলেন, এ চিকিৎসায় চোখের ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। বর্তমানে তিনি ওই মামলায় জামিনে রয়েছেন।

উল্লেখ্য ডা. মাহজাবিন এফবিসিসিআই সহসভাপতি, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. আমিনুল হক শামীমের মেয়ে।