করোনা পরিস্থিতির অবনমনের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের
স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পিছিয়ে যাচ্ছে। ভর্তি পরীক্ষার সঙ্গে জড়িত
একাধিক ডিন ও শিক্ষক বণিক বার্তাকে পরীক্ষার তারিখ পেছানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
ভর্তি পরীক্ষা বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণে বৃহস্পতিবার ভর্তি কমিটির জরুরি সভা ডেকেছে
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এ প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের
ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম বণিক বার্তাকে বলেন, ‘করোনা পরিস্থিতির কারণে আগের ঘোষিত তারিখে ভর্তি পরীক্ষা নেয়া সম্ভব
নয়। বৃহস্পতিবার ভর্তি কমিটির জরুরি সভা ডাকা হয়েছে। সেখান থেকে নতুন ঘোষণা আসবে।’
খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি ভর্তি পরীক্ষার সঙ্গে জড়িত কয়েক জন ডিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের
সঙ্গে একটি সভা করেন। ওই সভায় করোনা পরিস্থিতির অবনমন ও সরকার ঘোষিত কঠোর বিধি-নিষেধের কারণে ভর্তি পরীক্ষার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া সম্ভব
হচ্ছে না বলে উপাচার্যকে জানান ডিনরা। এমন পরিপ্রেক্ষিতে ডিনদের পক্ষ থেকে ভর্তি পরীক্ষা
পেছানোর প্রস্তাব করা হলে উপাচার্য এতে প্রাথমিকভাবে সম্মতি জ্ঞাপন করেন।
সভায় অংশ নেয়া একজন ডিন নাম প্রকাশ না করার শর্তে বণিক বার্তাকে বলেন, এ বছর প্রথমবারের মতো ঢাকার বাইরের বিভাগীয় শহরগুলোতেও ভর্তি পরীক্ষা
নেয়া হবে। এ প্রক্রিয়ায় ঢাকার বাইরের কয়েকটি বিশ্ববিদ্যালয় আমাদের সহায়তা করবে। করোনা
পরিস্থিতির অবনতির কারণে বাইরের বিশ্ববিদ্যালয়গুলো তাদের কাজগুলো সম্পন্ন করতে পারছে
না। এ ছাড়া লকডাউনের কারণে আমরাও পরীক্ষার প্রশ্ন প্রণয়নসহ অন্যান্য প্রস্তুতি শেষ করতে পারছি না। এ জন্যই ভর্তি পরীক্ষা
পেছাতে হচ্ছে।
তাহলে ভর্তি পরীক্ষা কবে নেয়া হতে পারে?— এমন প্রশ্নের জবাবে ওই ডিন বলেন, যেহেতু এরইমধ্যে বেশকিছু বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি পরীক্ষার তারিখ
ঘোষণা করেছে। তাই তাদের সঙ্গে সমন্বয় করেই নতুন তারিখ ঠিক করতে হবে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়
পরিষদের মাধ্যমে ভর্তি পরীক্ষার স্লট নেয়া হবে।
আগের ঘোষণা অনুযায়ী, আগামী ২১ মে (শুক্রবার) বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিট, ২২ মে (শনিবার) কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিট, ২৭ মে (বৃহস্পতিবার) ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিট, ২৮ মে (শুক্রবার) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিট, ৫ জুন (শনিবার) চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের তত্ত্বীয় পরীক্ষা এবং ‘চ’ ইউনিটের (অঙ্কন) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।










