শরীয়তপুরের গোসাইরহাটের মেঘনা নদীতে বরযাত্রীবাহী একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় জলি আক্তার (২৩) ও সাহানা আক্তার (৫০) নামে দুজনের মৃত্যু খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন বরসহ আরো তিনজন। গতকাল বেলা ১১টার দিকে উপজেলার কোদালপুর ইউনিয়নের মাঝেরচরে এ দুর্ঘটনা ঘটে।
জলি আক্তার ও সাহানা আক্তার ঢাকার বাসিন্দা। নিখোঁজ রয়েছেন বর শান্ত, শাওন ও হৃদয়। তারা সবাই ঢাকার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ঢাকা থেকে লঞ্চে করে আটজন শরীয়তপুরের কোদালপুরে যান। গতকাল সেখান থেকে একটি ট্রলারে মেঘনা নদী পাড়ি দিয়ে মাঝের চরের যাচ্ছিলেন বরযাত্রীসহ ১১ জন। সকাল সাড়ে ১০টার দিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ট্রলারটি মেঘনা নদীতে ডুবে যায়। পরে চালকসহ স্থানীয় তিনজন সাঁতার কেটে তীরে ওঠেন। তবে বরযাত্রীদের কেউ সাঁতার জানতেন না। বর শান্তসহ নিখোঁজ তিনজনকে উদ্ধার করতে কাজ করছে পুলিশ ও ফায়ার সার্ভিস।
গোসাইরহাট থানার ওসি পুষ্পেন দেবনাথ জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে দুজনের মৃত্যু হয়েছে। বরসহ তিনজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধার করতে ফায়ার সার্ভিস ও পুলিশ কাজ করছে।










