কুমিল্লার পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল পৃথক সময়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার লালবাগ এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় সিয়াম (২১) নামে এক যুবক নিহত হন। সকালে চান্দিনা এলাকার কাঠের পুলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সাইফুল ইসলাম (৩৭) নামে আরেক যুবক প্রাণ হারান।

মিয়াবাজার হাইওয়ে ক্রসিং থানা ও ময়নামতি হাইওয়ে ক্রসিং থানা পুলিশ মরদেহ ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলগুলো উদ্ধার করেছে।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, নিহত সিয়াম মুরাদনগর উপজেলার মিজানুর রহমানের ছেলে ও সাইফুল ইসলাম ভোলা জেলার চরফ্যাশনের উত্তর চর মাদ্রাজের আবেদ আলীর ছেলে।

মিয়াবাজার হাইওয়ে ক্রসিং থানার ওসি শাহাবুদ্দিন জানান, সন্ধ্যায় লালবাগ এলাকায় দ্রুতগামী অজ্ঞাত গাড়ি সিয়ামের মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সিয়াম মারা যান।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি ইকবাল বাহার জানান, ঈদের দিন সকালে চান্দিনার কাঠেরপুল এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সাইফুল ইসলাম নিহত হন।