জয়পুরহাটে ক্ষেতলাল উপজেলার মুন্দাইল এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ অন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। গতকাল তাদের বিরুদ্ধে মামলা করে জেলহাজতে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) নীরেন্দ্রনাথ মন্ডল।
গ্রেফতারকৃতরা হলেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার শাখারুঞ্জ গ্রামের মোতালেবের ছেলে মেহেদী হাসান (২৫), গাইবান্ধার
ক্ষুদ্র মাটি বাড়ী গ্রামের আমির হোসেনের ছেলে আব্দুল হাই (৪০), বগুড়ার
শিবগঞ্জ উপজেলার তিলস পশ্চিমপাড়া গ্রামের আজাহার আলীর ছেলে আবুল কালাম (৩৫), নিশিন্দারা
গ্রামের আজিম উদ্দিনের ছেলে বকুল (৩৪), তিলাস
গ্রামের ফরহাজ সরকারের ছেলে হেলাল উদ্দিন (৪২), একই
গ্রামের আজাহার আলীর ছেলে রমজান আলী (৩০)।
ক্ষেতলাল থানার ওসি বলেন, সংঘবদ্ধ চক্রটি জেলার বিভিন্ন সড়কে রাতে খালি ট্রাক নিয়ে ঘোরাঘুরি করে। সুযোগ বুঝে যাত্রীদের উঠিয়ে ফাঁকা স্থানে নিয়ে ডাকাতি করে। কখনো মালপত্র ছিনিয়ে নিয়ে ছেড়ে দেয়, কখনো যাত্রীদের খুন করে মরদেহ সড়কে ফেলে রেখে পালিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র, ট্রাকসহ ছয় সদস্যকে গ্রেফতার করা হয়।










