সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, নতুন বাংলাদেশের কথা যদি ভাবতে হয়, তাহলে অবশ্যই ভাবতে হবে আমাদের শারীরিক ও মানসিক সুস্থতার কথা। একটি সুস্থ ভ্রুণের জন্ম দিতে নিউট্রিশন এবং মেন্টাল হেলথকে এগিয়ে নিতে তরুণ সমাজকে দায়িত্বশীল হতে হবে।
শুক্রবার (২৪ অক্টোবর) আগারগাঁও সমাজসেবা অধিদপ্তরের অডিটরিয়ামে আয়োজিত ন্যাশনাল নিউট্রিশন ও ওয়েলনেস সামিট বিষয়ক দুদিনব্যাপী কনফারেন্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তরুণ কিশোর কিশোরীদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, ইসলাম আমাদের প্রথম যে শিক্ষা দেয়, সেটা হলো— সবাইকে নিয়ে চলা, সবাইকে সম্মান করা এবং সবাইকে গ্রহণ করা। সব ধর্মের মানুষকে নিয়েই আমাদের বাংলাদেশ। তোমরা যারা আজ তরুণ প্রজন্ম তোমাদের মধ্যে বোধোদয়ের উন্নতি ঘটাতে হবে, তোমাদের সামাজিক কাজের জন্য প্রস্তুতি নিতে হবে তাহলে তোমরা সমাজে সকলকে নিয়ে চলতে পারবে, দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে। বাংলাদেশে শতকরা ৫০ ভাগের উর্ধ্বে তরুণ সমাজ। তোমাদের হাতেই এদেশের ভবিষ্যৎ।
উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খান এবং সেরাক বাংলাদেশ সংগঠনের এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম সৈকত । এ সময় যুব সংগঠনের নিরাপদ এলায়েন্সের ভাইস চেয়ারম্যান ফাতিন সাদাব লিয়ান, সাধারণ সম্পাদক মাসুম মুহাম্মদসহ, আনকোরা, মিশন গ্রীন বাংলাদেশ, হার্টওয়াইজ, নিউট্রিশন, নিউট্রিফিকেশন ও নিরাপদ অ্যালায়েন্স এর সামাজিক সংগঠনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।










