ফরিদপুরের
বোয়ালমারীতে দুর্নীতির অভিযোগে মিজানুর রহমান মোল্লা ওরফে সোনা মিয়া নামে এক ইউপি চেয়ারম্যানকে
সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি উপজেলার রূপাপাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
১৫ জুন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ-১ শাখার সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। গতকাল দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইন।
ওই প্রজ্ঞাপনে আরো উল্লেখ করা হয়েছে, বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মোল্লার সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯-এর ৩৪(১) ধারা অনুযায়ী চেয়ারম্যানকে স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো। চেয়ারম্যানের বিরুদ্ধে ওই এলাকার একটি হত্যা মামলাও চলমান বলে জানা গেছে।
জানা যায়, ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মোল্লার বিরুদ্ধে ২০১৯ সালের ৮ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত ফরিদপুরের জেলা কার্যালয় মামলা করে। ২০২২ সালের ২১ জানুয়ারি আদালতে চার্জশিট দাখিল করে দুদক।
এ বিষয়ে জানতে চাইলে বরখাস্তকৃত চেয়ারম্যান মিজানুর রহমান মোল্লা ওরফে সোনা মিয়া বলেন, ‘আমি বরখাস্তের কোনো কাগজপত্র এখনো হাতে পাইনি। বিষয়টি লোকমুখে শুনে জানতে পেরেছি। দুদকের একটি মামলা আমার নামে চলমান রয়েছে। কিন্তু ওই মামলার রায় এখনো হয়নি। বরখাস্তের চিঠি পাওয়ার পর যদি আমার কোনো আইনি প্রক্রিয়ার সুযোগ থাকে, তাহলে আমি সেটা করব।’










