নেত্রকোনার দুর্গাপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শ্রমিকলীগের নেতা তোতা মিয়া নিহত হয়েছেন। আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ১নং বালু মহালের আগার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তোতা মিয়া (৪৫) উপজেলার পৌর শহরের বালিকান্দি গ্রামের হাসান আলীর ছেলে এবং তিনি জাতীয় শ্রমিকলীগের দুর্গাপুর উপজেলা শাখার সহ-সভাপতি ছিলেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সদর ইউনিয়নের ১নং বালু মহালের আগার নামক স্থানে ডাইভারশনে বালুবাহী গাড়ি যাতায়াতের সুবিধার্থে তোতা মিয়া বাঁশ দিয়ে রাস্তায় মেরামতের কাজ তদারকি করছিলেন। ডাইভারশনের রাস্তায় বিছানো বাঁশগুলো বালুর সঙ্গে মিশিয়ে দেয়ার জন্য ট্রাক দিয়ে রোলারের কাজ করা হচ্ছিল। এক পর্যায়ে ট্রাকটি পেছনে যাওয়ার (ব্যাক গিয়ার) সময় তোতা মিয়া চাকার নিচে পড়েন। তার পেটের উপর দিয়ে চলে যায় ট্রাক। এতে নাড়ি-ভুড়ি বেরিয়ে পড়ে এবং তিনি ঘটনাস্থলেই মারা যান।
দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকলে অফিসার (আরএমও) ডা. মো. তানজিরুল ইসলাম রায়হান জানান, হাসপাতলের আনার আগেই তোতা মিয়ার মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহবুবুর রহমান বলেন, নিহতের পরিবার ও স্বজনেরা ময়নাতদন্তে আগ্রহী নয়। হাসপাতালে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।










