ঝালকাঠি সদর উপজেলার কল্যাণকাঠি আবাসনে অগ্নিকাণ্ডে ১০টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে নিঃস্ব হয়ে গেছে ১০টি দরিদ্র পরিবার।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে কল্যাণকাঠি আবাসনে ১ নং ব্যারাকে আগুনের শিখা দেখতে পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে নিয়ন্ত্রণের চেষ্টা করে। খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিস ও বরিশালের দুটি ইউনিটের কর্মীরা স্থানীয়দের সহায়তায় দেড় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে ওই ব্যারাকের ১০টি ঘরের মালপত্রসহ ঘরগুলো পুড়ে ছাই হয়ে যায়।
কয়েকজন ক্ষতিগ্রস্ত জানান, সকালে জীবিকার তাগিদে কাজের সন্ধানে বেরিয়ে পড়েন তারা। আগুন লাগার খবরে ছুটে এসে দেখেন, তাদের শেষ আশ্রয়স্থলটি আগুনে জ্বলছে। সঞ্চিত সব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তারা। অনেকর জমানো টাকা, ধান ও মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। নিঃস্ব এ পরিবারগুলো খোলা আকাশের নিচে বসবাস করছে।
ঝালকাঠি ফায়ার সার্ভিসের সাব অফিসার সালাউদ্দিন মিয়া জানান, ঘরসংলগ্ন পেছনের রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন লাগার সময় ওই ব্যারাকের ১০টি ঘরে কেউ ছিল না, ঘরগুলো তালাবদ্ধ ছিল।
ঝালকাঠি সদর উপজেলা
নির্বাহী কর্মকর্তা সাদিকুন নাহার জানান, প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে।










