ব্রাহ্মণবাড়িয়ায় ডোবার পানিতে পড়ে জাবেদ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে সদর উপজেলার তেলিনগর গ্রামে এ ঘটনা ঘটে। জাবেদ তেলিনগর গ্রামের সোহাগ মিয়ার ছেলে।

নিহত শিশুর চাচা সোহেল মিয়া জানান, জাবেদ বাড়ির পাশে বাচ্চাদের সাথে খেলতে গিয়ে তেলিনগর বড় মসজিদের পাশের একটি ডোবায় পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে ডোবার পানিতে জাবেদকে ভাসতে দেখা যায়। পরিবারের সদস্যরা জাবেদকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷

শিশুটির মৃত্যুর ব্যাপারে জানতে চাইলে, সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সোলাইমান মিয়া জানান, হাসপাতালে নিয়ে আসার বেশ আগেই শিশুটির মৃত্যু হয়েছে।