সিরাজগঞ্জ সহকারী জজ আদালতের (কামারখন্দ) সেরেস্তায় সম্প্রতি দেওয়ানি মামলার বেশকিছু নথি চুরির ঘটনা ঘটেছে। এছাড়া এর আগেও নথি চুরি হয়েছে। নথি চুরির এসব বিষয়ে জানতে ঘটনাস্থল পরিদর্শন করেছে হাইকোর্টের দুই সদস্যের প্রতিনিধি দল।

গতকাল দুপুরে হাইকোর্টের বিচারপতি মোস্তাফিজুর রহমান ও  সহকারী রেজিস্ট্রার রাশেদুর রহমান সিরাজগঞ্জ আদালতে এসে নথি চুরি হওয়া সেরেস্তা পরিদর্শন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। এ সময় সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজিরসহ বিচার বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির বেলাল হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন শেষে হাইকোর্টের বিচারপতি ও সহকারী রেজিস্ট্রার এবং সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজসহ কর্মকর্তারা বিকালে এ বিষয়ে মতবিনিময় করেছেন।  

উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর বিকালে সিরাজগঞ্জ সহকারী জজ আদালতের (কামারখন্দ) সেরেস্তা রুম খুলে কর্মচারীরা দেখতে পান মেঝেতে এলোমেলোভাবে পড়ে আছে মামলার নথি। এছাড়া আলমিরায় রাখা মামলার নথিগুলো নেই এবং রুমের জানালার লোহার শিক ভাঙা। এ ঘটনায় জেলা জজকোর্টের নাজির ওসমান গণি বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় মামলা করেছেন।  

এর আগেও গত বছরের ২০ ও ২১ মার্চ পরপর দুই রাতে সিরাজগঞ্জ পুরনো কালেক্টরেট ভবনে ভিপি (ভেস্টেট প্রোপার্টি-অর্পিত সম্পত্তি) কৌঁসুলিদের কক্ষের তালা ভেঙে কয়েকটি আলমিরায় রাখা অন্তত ৬০০ মামলার নথি চুরি করে নিয়ে যায় দুর্বৃত্ত। এরপর ২২ মার্চ দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আবারো চুরির চেষ্টা করা হয়।