ঝালকাঠি সদর উপজেলার তারুলী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে বিদ্যালয়ের সামনে কেওড়া-ঝালকাঠি সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। এতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, এলকাবাসী ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যরা অংশ নেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবু সাঈদ খান, বিদ্যালয়ের দাতা সদস্য জাকির সিকদার, প্রধান শিক্ষক আকসেদ আলী খন্দকার, তারুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, স্থানীয় বাসিন্দা রানা সিকদার ও বিদ্যালয়ের ছাত্রী মিম আক্তার।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, তারুলী মাধ্যমিক বিদ্যালয় ও তারুলী প্রাথমিক বিদ্যালয়ের জন্য ১২ জন দাতা সদস্য জমিদান করেছেন। জমির মধ্যে সড়কসংলগ্ন মাঠের একাংশে বিভিন্ন প্রজাতির গাছের বাগান রয়েছে। মাঠ সম্প্রসারণ করতে হলে ওই বাগান কাটা প্রয়োজন।
কিন্তু এ জমি বিদ্যালয় দুটির জন্য দান করা হলেও দাতাদের ওয়ারিশ আবুল কালাম ও ইয়াসিন তালুকদার গাছ কেটে খেলার মাঠ সম্প্রসারণ করতে বাধা দিচ্ছেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন মানববন্ধনকারীরা।










