ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক, টেকসই ও জলবায়ু সহনশীল পানি ব্যবস্থাপনা গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। সম্মিলিত প্রচেষ্টা ও অংশীদারত্বের মাধ্যমে সবার বসবাসের উপযোগী নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আজ মঙ্গলবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে পরিকল্পনা কমিশন আয়োজিত টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামো বাস্তবায়নের পথনির্দেশনা বিষয়ক জাতীয় সম্মেলনের অংশ হিসেবে ‘ন্যায়সংগত আর্থসামাজিক উন্নয়ন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যের ৩, ৫, ৬ ও ১০ নম্বর লক্ষ্য অর্জন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন পানিসম্পদ মন্ত্রী।

মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ। বন্যা, নদীভাঙন, ঘূর্ণিঝড়, খরা, জলাবদ্ধতা ও লবণাক্ততার মতো নানা চ্যালেঞ্জ দেশের পানিসম্পদ ব্যবস্থাপনাকে জটিল করে তুলছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় নিরাপদ ও টেকসই পানি ব্যবস্থাপনা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

তিনি আরো বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জীবন-জীবিকা, কৃষির কল্যাণ এবং অর্থনৈতিক রূপান্তরের জন্য পদ্মা ব্যারেজ অনুমোদন করা হয়েছে। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে বিশেষজ্ঞদের মতামত পাওয়া গেলে শিগগিরই সেটি অনুমোদনের আশা প্রকাশ করেন পানিসম্পদ মন্ত্রী।

প্যানেল আলোচনায় সভাপতিত্ব করেন সেন্টার ফর পলিসি ডায়ালগের ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য আনা মিঞ্জ।

প্যানেল আলোচনায় অংশ নেন ওয়াটার এইড বাংলাদেশের পরিচালক পার্থ হেফাজ শেখ, নারীপক্ষের পরিচালক অ্যাডভোকেট কামরুন নাহার এবং ইউনিসেফ বাংলাদেশের কর্মসূচি কর্মকর্তা সাইফুর রহমান।