রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়েছে। বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান গণমাধ্যমকে চিকিৎসাধীন একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, একজনের মৃত্যুর খবর দিয়েছিল ফায়ার সার্ভিস। এ নিয়ে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান জানান, উত্তরায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে নারী শিশুসহ অন্তত ২৬ জন জরুরি বিভাগে এসেছে। তাদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। এখনো বিমান বিধ্বস্তের ঘটনায় আহতরা আমাদের এখানে আসছে।
আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়েছে। বিমানটি আজ দুপুর ১টা ০৬ মিনিটে উড্ডয়ন করেছিল।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে ডিউটি অফিসার লিমা খানম বলেন, আমরা দুপুর ১টা ১৮ মিনিটে সংবাদ পেয়েছি যে, উত্তরা মাইলস্টোন কলেজের কাছে একটি বিমান বিধ্বস্ত হয়েছে।
সর্বশেষ তথ্যে ফায়ার সার্ভিস জানিয়েছে, মাইলস্টোন কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর, পূর্বাচল ফায়ার স্টেশনের আটটি ইউনিট কাজ করছে।
এছাড়া, উদ্ধার তৎপরতা ও আইনশৃঙ্খলা রক্ষায় যোগ দিয়েছে ২ প্লাটুন বিজিবি।










