কিশোরীদের মাসিক স্বাস্থ্য সম্পর্কে সঠিক তথ্য দেয়া, সংকোচ ও ভুল ধারণা দূর করা এবং আত্মবিশ্বাসী হয়ে বেড়ে উঠতে উৎসাহিত করার লক্ষ্যে উত্তরা গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে ‘মনের কথা’ শীর্ষক একটি বিশেষ সচেতনতামূলক আয়োজন। সোমবার (৩১ আগস্ট) এক সংবাদ এ তথ্য জানান হয়।

অনুষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডাঃ শারমিন সিদ্দিকা রুমকী মাসিক স্বাস্থ্য, পরিচ্ছন্নতা, পুষ্টি, মানসিক সুস্থতা এবং কখন চিকিৎসকের পরামর্শ নেয়া প্রয়োজন, এসব বিষয় সহজ ভাষায় তুলে ধরেন।

পাশাপাশি শিক্ষার্থীদের জন্য ছিল প্রশ্নোত্তর পর্ব, যেখানে তারা নিজেদের বিভিন্ন প্রশ্নের উত্তর জানার সুযোগ পায়।

আয়োজনের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ ছিল আত্মবিশ্বাস ও মানসিক শক্তি নিয়ে আলোচনা। অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী শিক্ষার্থীদের সঙ্গে আত্মবিশ্বাস, ব্যর্থতা, তুলনা, সামাজিক চাপ ও নিজের স্বপ্ন নিয়ে কথা বলেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে সোফি স্যানিটারি প্যাড বিতরণ করা হয় এবং নিজের শরীরের যত্ন নেয়া যে লজ্জার বিষয় নয়, বরং দায়িত্বের অংশ, সে বার্তাও তুলে ধরা হয়।

‘মনের কথা’র মূল বার্তা ছিল, জানো, বলো এবং এগিয়ে চলো। মাসিক কোনো মেয়ের পড়াশোনা, আত্মবিশ্বাস বা ভবিষ্যতের পথে বাধা নয়।