উৎকোচ দাবির অভিযোগে রাজশাহীর চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলমকে প্রত্যাহার করা হয়েছে। গত শনিবার রাতে তাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। ঘটনা তদন্তে গতকাল তিন সদস্যের কমিটি গঠন করেছেন রাজশাহীর পুলিশ সুপার মো. সাইফুর রহমান। একজন অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে গঠিত কমিটিকে তিনদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এর আগে ৭ লাখ টাকা উৎকোচ দাবি করে কথোপকথনের একটি অডিও ফাঁস হয়। ৬ মিনিট ৫৩ সেকেন্ডের অডিওটি মূলত ওসির সঙ্গে কারাগারে থাকা এক বিক্রেতার স্ত্রী সাহারা বেগমের কথোপকথন। থানা কম্পাউন্ডে নিজের বিশ্রামকক্ষে ওই নারীর সঙ্গে মুখোমুখি আলাপ করেন ওসি।

গত শনিবার দুপুরে সাহারা বেগম ওসি মাহবুব, ডিবির পরিদর্শক আতিকুর রেজা সরকারসহ কয়েকজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। সঙ্গে কথোপকথনের রিকর্ডটি জুড়ে দেন।

তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওসি মাহবুবুল আলম বলেন, ‘আমার কাছেও অডিওটা এসেছে। কিন্তু কীভাবে হয়েছে আমি জানি না। এর বেশি কিছু বলা সম্ভব নয়।’ তবে এ ঘটনার পরিপ্রেক্ষিতে থানা থেকে প্রত্যাহার হওয়ার বিষয়টিও স্বীকার করেন তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও মিডিয়া সেলের মুখপাত্র রফিকুল আলম বলেন, ‘আমরা অডিও রেকর্ডসহ একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’