পিরোজপুরের ইন্দুকানীতে চাচা শ্বশুরকে হত্যার দায়ে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. মহিদুজ্জামান এ দণ্ডাদেশ দেন। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
দণ্ডপ্রাপ্তের নাম মো. হাসিবুল ইসলাম ওরফে কাঞ্চন (৩৪)। তিনি ইন্দুরকানী উপজেলার খোলপটুয়া গ্রামের মো. আবু বকর বেপারীর ছেলে। রায় ঘোষণাকালে কাঞ্চন আদালতে উপস্থিত ছিলেন।
বালিপাড়া ইউনিয়নের ৬ নং খোলপটুয়া ওয়ার্ডের ইউপি সদস্য আবুল হোসেন আবু জানান, কাঞ্চন বেপারীর সঙ্গে চর বলেশ্বর গ্রামের খালেকের মেয়ের সঙ্গে কয়েক বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাধ লেগে থাকত। এক পর্যায়ে কাঞ্চনের স্ত্রী মুনিয়া আক্তার তার বাবা খালেকের বাড়িতে চলে যান। কাঞ্চন তার স্ত্রীর সঙ্গে ঝগড়ার জন্য চাচা শ্বশুর রেজাউল করিম হাওলাদার ওরফে রিপন কে দায়ী করে আসছিলেন। এরই জেরে ২০১৮ সালের ১৮ নভেম্বর বিকালে রেজাউল করিম হাওলাদার ওরফে রিপন উপজেলার বালিপাড়া ইউনিয়নের চন্ডিপুর বাজারে গেলে কাঞ্চন তাকে কুঠার দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে মারাত্মক জখম করে। এতে ঘটনাস্থলেই মারা যান রেজাউল করিম হাওলাদার ওরফে রিপন।
ঘটনার পর স্থানীয়রা কাঞ্চনকে ধরে চন্ডিপুর পুলিশ ফাড়িতে সোপর্দ করে। এ ঘটনায় ওইদিন রাতেই নিহত রেজাউল করিম হাওলাদার ওরফে রিপনের স্ত্রী নাসরিন আক্তার হাসি বাদী হয়ে কাঞ্চনের বিরুদ্ধে ইন্দুরকানী থানায় একটি হত্যা মামলা করেন।










