দুটি সংস্কার কমিশনের পক্ষ থেকে নিম্নকক্ষ আসনভিত্তিক এবং উচ্চকক্ষ পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে করার প্রস্তাব দেয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে মেহেরপুরের গাংনী উপজেলার সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
উভয় পদ্ধতিরই ইতিবাচক ও নেতিবাচক দিক রয়েছে উল্লেখ করে বদিউল আলম মজুমদার বলেন, কোনোটিই ত্রুটিমুক্ত নয়। তবে দুটি পদ্ধতিই প্রয়োজন। ঐকমত্যের মাধ্যমেই একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করছি।
সু-শাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত অনুষ্ঠানে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের পিএফজি, ইয়ুথ লিডার ও সুজন নেতাদের সঙ্গে মতবিনিময় করেন বদিউল আলম মজুমদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার ও দি হাঙ্গার প্রজেক্ট কেন্দ্রীয় সমন্বয়কারী তাজিমা হোসেন মজুমদার।
সু-শাসনের জন্য নাগরিক (সুজন) গাংনী উপজেলা সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুজন মেহেরপুর জেলা শাখার সম্পাদক সৈয়দ জাকির হোসেন, গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বাবলু, গাংনী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও পিএফজির পিস অ্যাম্বাসেডর জুলফিকার আলি ভুট্টো, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দাল হক ও পিস অ্যাম্বাসেডর জাকিয়া আক্তার আল্পনা, গাংনী মহিলা কলেজের সহকারী অধ্যাপক মহিবুর রহমান মিন্টু, গাংনী প্রেস ক্লাব সভাপতি তৌহিদ-উদ-দৌলা রেজা ও সাধারণ সম্পাদক মাহবুব আলম।










