স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনাকালে চিকিৎসা খাতে অনেক অক্সিজেনের প্রয়োজন হয়েছিল। তখন দেশে অক্সিজেন কম থাকায় পাশের দেশ ভারত থেকে অক্সিজেন এনে মানুষকে চিকিৎসা দেয়া হয়েছে। বর্তমানে দেশে ১৫০-২০০ টন অক্সিজেন উৎপাদন হচ্ছে। চিকিৎসা খাতকে আরেক ধাপ এগিয়ে নেয়ার লক্ষ্যে আমরা দেশে দুটি লিকুইড অক্সিজেন প্লান্ট স্থাপন করতে যাচ্ছি। যার একটি হবে মানিকগঞ্জে আর অন্যটি স্থাপন করা হবে উত্তরবঙ্গে।
গতকাল দুপুরে মানিকগঞ্জে কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, আমরা এ পর্যন্ত দেশের তিন কোটি মানুষকে বুস্টার ডোজ টিকা দিয়েছি। আমরা প্রতিনিয়তই বুস্টার ডোজ টিকা নেয়ার জন্য ক্যাম্পেইন চালাচ্ছি। কিন্তু জনগণের কাছ থেকে তেমন একটা সাড়া পাচ্ছি না।
মন্ত্রী বলেন, টিকা নেয়ার কারণে দেশে করোনায় মৃত্যু শূন্যের কোটায় নেমে এসেছিল।
এখন আবার প্রতিদিনই দুই-সাতজন করে মারা যাচ্ছে। আমরা একটা সার্ভে করে দেখেছি, যারা টিকা নেননি এখন করোনায় তারাই মারা যাচ্ছেন। একটি মৃত্যুও আমাদের কাম্য নয়।
এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, জেলা প্রশাসক আবদুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খান, কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. মো. জাকির হোসেন, পরিচালক ডা. মো. আরশাদ উল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম, পৌরমেয়র মো. রমজান আলী, ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল প্রমুখ উপস্থিত ছিলেন।










