নেত্রকোনার পূর্বধলায় ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আবুল কালাম (৪২) ও ঋতু আক্তার (৩০) নামে এক দম্পতি নিহত হয়েছেন। তারা দুজনই অটোরিক্সার যাত্রী ছিলেন।
এদের মধ্যে ঋতু আক্তার ঘটনাস্থলেই ও আবুল কালাম ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় অটোরিকশাটির চালক নূর উদ্দিনও (৩৫) আহত হয়েছেন।
আজ শুক্রবার বিকেলে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে উপজেলার তুলা পাবই নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কালাম ও তার স্ত্রী ঋতু আক্তারের বাড়ি উপজেলার বিশকাকুনি ইউনিয়নের সাউদকান্দি গ্রামে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুরে ঋতু আক্তার ও তার স্বামী একটি অটোরিক্সাযোগে শ্যামগঞ্জ যাচ্ছিলেন। এ সময় ময়মনসিংহ থেকে জারিয়াগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ঋতু আক্তার মারা যান। এ সময় তার স্বামী আবুল কালাম ও অটোরিকশা চালক নূর উদ্দিন গুরুতর আহত হন।
পূর্বধলা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। এ দিকে আহত দুজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করলে আবুল কালাম চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।










