নির্বাচন পর্যবেক্ষক অনুমোদন প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন বলেছেন, অনুমোদিত স্থানীয় পর্যবেক্ষকদের বড় একটি অংশ অভিজ্ঞতাহীন এবং কয়েকটি সংস্থার রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ নির্বাচন পর্যবেক্ষণের নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ২৬ জানুয়ারি নির্বাচন কমিশন (ইসি) ৮১টি সংস্থার ৫৫ হাজার ৪৫৪ জন স্থানীয় পর্যবেক্ষক অনুমোদনের ঘোষণা দেয়। এর মধ্যে অপেক্ষাকৃত কম পরিচিত ও পর্যবেক্ষণ কাজে অভিজ্ঞতাহীন ১৬টি সংস্থার ৩১ হাজার ৮০১ জন পর্যবেক্ষক রয়েছে, যা মোটের ৬৮ দশমিক ৮৯ শতাংশ। সংবাদমাধ্যমে এসব সংস্থার কয়েকটির সঙ্গে একটি বিশেষ রাজনৈতিক দলের সংশ্লিষ্টতার খবর প্রকাশ পাওয়ায় পর্যবেক্ষণ কার্যক্রমের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে বলে জানান তিনি।
ড. মাহদী আমিন বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এরইমধ্যে বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশনে চিঠি দওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে তিনি অনুমোদিত কয়েকটি সংস্থার নাম ও পর্যবেক্ষক সংখ্যাও তুলে ধরেন।
নির্বাচন নিয়ে তিনি বলেন, বিএনপির অবশ্যম্ভাবী বিজয়ের প্রেক্ষাপটে একটি নির্দিষ্ট দল অপপ্রচারে লিপ্ত হয়েছে। অভিযোগ করে তিনি বলেন, ওই দলের নেতাকর্মীরা বাসায় বাসায় গিয়ে ভোটারদের বিকাশ নম্বর ও ভোটার আইডি সংগ্রহ করেছে এবং বিকাশ, রকেট বা নগদের মাধ্যমে অবৈধ অর্থ পাঠানোসহ বিভিন্ন প্রলোভনের চেষ্টা চালিয়েছে, যা জনগণ প্রত্যাখ্যান করছে। দেশের বিভিন্ন স্থানে বোরখা ও নিকাব তৈরির উদ্যোগের তথ্যও বিএনপি পেয়েছে বলে দাবি করেন তিনি।
ড. মাহদী আমিন বলেন, ইসলামী মূল্যবোধের ধারক দল হিসেবে বিএনপি বোরকা ও নিকাবকে ধর্মীয় সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে শ্রদ্ধা করে। তবে এসব পোশাকের অপব্যবহার করে কেউ মিথ্যা পরিচয়ে ভোট দেয়ার চেষ্টা করলে তা দুঃখজনক হবে। সন্দেহজনক ক্ষেত্রে ভোটার তালিকার সঙ্গে মিলিয়ে নারী প্রিসাইডিং বা সহকারী প্রিসাইডিং অফিসার এবং নারী এজেন্টের উপস্থিতিতে ভোটারের পরিচয় নিশ্চিত করার দাবি জানান তিনি।
প্রশাসন নিয়ে অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রশাসন ও নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্তদের একটি অংশকে নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত দেখিয়ে অপপ্রচার চালানো হচ্ছে, যা অনাকাঙ্ক্ষিত। রাষ্ট্রের সব সংস্থা, নির্বাচন কমিশন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিরপেক্ষতা ও পেশাদারিত্বের ওপর বিএনপি আস্থা রাখতে চায় বলে উল্লেখ করেন তিনি।















