গতকাল পাবনা থেকে ধর্মঘটের চতুর্থ দিন অতিবাহিত হলেও ঢাকাগামী কোচ চলাচলে কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি মালিক-শ্রমিকপক্ষ। ধর্মঘটের ফলে সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে।
এ ব্যাপারে পাবনার বাস মালিক ও শ্রমিকরা দফায় দফায় বৈঠক করেন। তবে কোনো সিদ্ধান্ত ছাড়াই সভা শেষ হয়। উদ্ভূত পরিস্থিতিতে গতকাল দুপুরে পাবনা প্রেস ক্লাবে যৌথ এক সংবাদ সম্মেলন করে ছয় দফা দাবি পেশ করা হয়েছে। ৭২ ঘণ্টার মধ্যে দাবি আদায় না হলে উত্তরবঙ্গজুড়ে ঢাকার কোচ চলাচল বন্ধের হুমকি দিয়েছে পাবনা জেলা মোটর মালিক গ্রুপ ও জেলা মোটর শ্রমিক ইউনিয়ন।
পাবনার শ্রমিকদের মারধর এবং যানবাহন চলাচলে বাধা দেয়ার প্রতিবাদে বৃহস্পতিবার রাত থেকে পাবনা থেকে ঢাকাগামী সব ধরনের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে পাবনা বাস মালিক-শ্রমিক সংগঠন। এদিকে আকস্মিক ঢাকার বাস বন্ধ করে দেয়ায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।
পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ জানান, সিরাজগঞ্জ ও পাবনার মালিক ও শ্রমিকরা নিজেরাই আলোচনা করছেন। তারা ব্যর্থ হলে প্রশাসন পরিবহন ধর্মঘট নিরসনে কাজ শুরু করবে।










