টাঙ্গাইলের গোপালপুরে মাথায় গাছ পড়ে মিজানুর রহমান (৩০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। 

আজ শুক্রবার দুপুরে নগদা শিমলা ইউনিয়নের বাইশকাইল লিচুতলায় এ দুর্ঘটনা ঘটে। 

গোপালপুর থানার ওসি মো. মোশাররফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

মিজানুর উত্তর বিলডগা গ্রামের নূরুল ইসলামের ছেলে।

গোপালপুর থানার ওসি মো. মোশাররফ হোসেন জানান, চতিলা বাজার থেকে মিজানুর রহমান দুপুরে ভ্যানে একজন যাত্রী নিয়ে গোপালপুর যাচ্ছিলেন। বাইশকাইল লিচুতলায় আগে থেকে কয়েকজন শ্রমিক মিলে রাস্তার পাশে একটি বেলগাছ কাটছিলেন।  মিজানুর ওই গাছের নিচ দিয়ে ভ্যানচালিয়ে যাওয়ার সময় গাছটি তার মাথার উপর উপড়ে পড়ে যায়। এতে তার মাথা থেঁতলে যায়।  স্থানীয়রা উদ্ধার করে গোপালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।