ভারতের সাবেক পররাষ্ট্র সচিব মুচকুন্দ দুবে মারা গেছেন। গতকাল দিল্লির ফোরটিস এসকোর্টস হাসপাতালে মৃত্যু হয় তার। ৯০ বছর বয়সী মুচকুন্দ দুবে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। খবর হিন্দুস্তান টাইমস।
মুচকুন্দ দুবে ১৯৫৭ সালে যোগ দেন ভারতীয় পররাষ্ট্র বিভাগে। কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করেন তেহরান, জেনেভা, নিউইয়র্ক ও ঢাকায়। ঢাকায় ভারতীয় হাইকমিশনার ছিলেন ১৯৭৯ থেকে ১৯৮২ সাল পর্যন্ত। ১৯৮২ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত ছিলেন জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি। ১৯৯১ সালে ভারতের পররাষ্ট্র সচিব হিসেবে অবসর গ্রহণের পর জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির অধ্যাপক ছিলেন। পরে তিনি দিল্লির কাউন্সিল ফর সোশ্যাল ডেভেলপমেন্টের প্রেসিডেন্ট হন।
বিশ্ব অর্থনীতি, আন্তর্জাতিক নিরাপত্তা, উন্নয়ন সহযোগিতা ও আর্থসামাজিক উন্নয়নসহ নানা বিষয়ে গবেষণা করেন মুচকুন্দ দুবে। এসব বিষয়ে তার একাধিক বই ও নিবন্ধ রয়েছে।










