বগুড়ায় আগামী শনিবার থেকে নভেল করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা চালু করা হচ্ছে। কভিড-১৯-এর পরীক্ষার নমুনা কার্যক্রম সফল করতে পিসিআর (পলিমার টেইন রি-অ্যাকশন) মেশিন বসানোর কাজ সম্পন্ন হয়েছে।

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. রেজাউল আলম জুয়েল বগুড়ায় নভেল করোনাভাইরাস শনাক্তকরণ প্রক্রিয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এখন শুরু হয়েছে ল্যাব টেকনিশিয়ানদের হাতে-কলমে প্রশিক্ষণ কার্যক্রম।

রাজশাহী বিভাগের আট জেলার জন্য মার্চের শেষ সপ্তাহে রাজশাহী মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে পিসিআর স্থাপন করা হয়। বর্তমানে সেখানেই বগুড়ার নমুনাগুলো পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। তবে প্রতিটি পরীক্ষার রিপোর্ট আসতে ৪৮ ঘণ্টা সময় লেগে যায়। এমন পরিস্থিতিতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ মাইক্রোবায়োলজি বিভাগে পিসিআর স্থাপনের দাবি উঠলে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পিসিআর মেশিন বসানোর অনুমোদন দেয়া হয়।

অধ্যক্ষ প্রফেসর ডা. রেজাউল আলম জুয়েল জানান, এপ্রিলের প্রথম দিকে কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে পিসিআর স্থাপনের কাজটি দ্রুততার সঙ্গে সম্পন্ন করার জন্য একটি কক্ষকে প্রস্তুত করা হয়। সেখানে চারটি ইনক্লোজার, সিলিং এবং পাশাপাশি দুটি টয়লেটসহ অন্যান্য নির্মাণকাজ সম্পন্ন করা হয়। এরপর ৮ এপ্রিল পিসিআর যন্ত্র এসে পৌঁছে এবং তা স্থাপনের কাজ শুরু হয়। বাকি কাজ শেষ হলে আগামী শনিবার থেকে পরীক্ষা কার্যক্রম শুরু করা সম্ভব হবে। 

বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু জানান, প্রতি ৬ ঘণ্টায় ৯০টি পরীক্ষা করা যাবে।