পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের ৬ নং ওয়ার্ডের একটি বাসায় রোববার ভোররাতে আগুনে পুড়ে সাইফুল ও তার স্ত্রী মনি আক্তার মারা গেছে। এ সময় তারা ঘরে ঘুমিয়ে ছিল। মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সমাজসেবী ইসমাইল হাওলাদার জানান, আ. বারেক তার স্ত্রী ও সন্তানদের নিয়ে ৬ নং ওয়ার্ডের পশ্চিম কলেজ পাড়া এলাকায় ইউসুফ আলীর বাসায় ভাড়া থাকেন। তিনি ভ্যানে করে পানি এনে বিভিন্ন দোকানে বিক্রি করেন। আর তার ছেলে সাইফুল ও তার বড় ভাই শহীদুল অটোরিকশা চালাত। সাইফুল পাঁচ-ছয় মাস আগে বিয়ে করে। ঘটনার সময় সে তার স্ত্রীকে নিয়ে ঘরের দোতলায় ঘুমিয়ে ছিল।
মঠবাড়িয়া দমকল বিভাগের স্টেশন অফিসার মো. সুমন মিয়া জানান, ভোর ৫টার দিকে ঘরটিতে আগুন লাগে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। আগুনে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। উদ্ধার ৪ লাখ টাকা।
আ. বারেক জানান, আগুনে সব পুইড়ড়া (পুড়ে) গ্যাছে। রাইন্দা (রেঁধে) খাওয়ার মতো অ্যাক মুড (মুঠো) চাউলও ঘরে নাই।










