অতিরিক্ত গরমে বগুড়া শহরের কালেক্টরেট স্কুলে ২২ শিক্ষার্থীর অসুস্থ হয়ে পড়েছে। গতকাল বেলা আড়াইটায় হঠাৎ করে কয়েকজন শিক্ষার্থী প্রথমে অসুস্থ বোধ করলে তাদের বাতাসে নেয়া হয়। এরপর এক এক করে ২২ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। অসুস্থ সবাই ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থী।

অসুস্থ হয়ে পড়া মোছা. রোজাইফা জানায়, দুপুরে বিদ্যুৎ চলে গেলে গরম অনুভব হয়। গা ঘামছিল এবং শ্বাসকষ্ট শুরু হয়। এ সময় ক্লাসের আরো কয়জন অসুস্থ হয়ে পড়ে। পরে তার পরিবার এসে হাসপাতালে ভর্তি করান। সেখানে তাকে অক্সিজেন দেয়া হয়।

স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আল মামুন সরদার জানান, দুপুরে টিফিনের সময় শিক্ষার্থীরা মাঠে খেলাধুলা করছিল। টিফিনের পর ক্লাসে ফিরলে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। সব মিলিয়ে ২২ শিক্ষার্থী অসুস্থ হয়েছে। ধারণা করা হচ্ছে অতিরিক্ত গরম ও লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়েছে। তবে প্রাথমিক চিকিৎসা শেষে সবাই ভালো আছে।