রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। 

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন গতকাল বণিক বার্তাকে বলেন, ‘ম্যাডাম (খালেদা জিয়া) সিসিইউতে চিকিৎসাধীন। তিনি মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন। তার অবস্থা স্থিতিশীল। বোর্ডের পরামর্শ অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।’

শারীরিক অবস্থার অবনতি হলে গত শনিবার মধ্য রাতে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করানো হয়। ওই সময় মেডিকেল বোর্ডের সদস্যরা জানান, লিভার সিরোসিস জটিলতা বেড়ে যাওয়ায় তাকে হাসপাতালে নেয়া হয়েছে।

এর আগে গত বুধবার খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা খারাপ হয়। তখনো মেডিকেল বোর্ডের সদস্যরা গুলশানের বাসভবনে গিয়ে তার স্বাস্থ্যের কিছু পরীক্ষা-নিরীক্ষা করান এবং বাসায় রেখেই চিকিৎসার পরামর্শ দেন।