কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার মইদাম সীমান্তের শূন্যরেখা থেকে আটক কামাল শেখ নামের এক বাংলাদেশীকে ফেরত দিয়েছে বিএসএফ। পরে বিজিবি তাকে ভুরুঙ্গামারী থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। গতকাল কামালকে পাসপোর্ট আইনে আদালতে পাঠানো হয়।

শনিবার বিকালে উপজেলার পাথরডুবি ইউনিয়নের মইদাম সীমান্তের শূন্যরেখায় অবস্থিত একটি বাড়ি থেকে ধান কিনে ফেরার পথে কামাল শেখকে (৪০) ভারতের দীঘলটারী ক্যাম্পের বিএসএফের একটি টহল দল আটক করে। আটক কামাল শেখ উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানি গ্রামের আবুল হোসেনের ছেলে।

বিজিবি ময়দান বিওপি ক্যাম্পের বরাত দিয়ে পাথরডুবি ইউপি চেয়ারম্যান আব্দুস সবুর জানান, শনিবার বিকালে আন্তর্জাতিক সিমানা পিলার ৯৭৭-এর ৭ সাব-পিলারের শূন্যরেখা থেকে ভারতের পশ্চিমবঙ্গ কোচবিহার জেলার দিনহাটা থানার ১২৯ বিএসএফ দীঘলটারী ক্যাম্পের সদস্যরা কামাল হোসেন নামে এক বাংলাদেশীকে ধরে নিয়ে যান।

 পরে তাকে ফেরত আনার জন্য বিজিবির তরফ থেকে বিএসএফকে বার্তা পাঠানো হয়েছে। শনিবার রাতেই বিজিবি-বিএসএফ পর্যায়ে আন্তর্জাতিক সীমানা পিলার ৯৭৫/৮ এস ও ৭৮/১২-এর স্থানে পতাকা বৈঠকের মাধ্যমে আটক কামাল শেখকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। রাত সাড়ে ১২টার দিকে বিজিবি কামাল হোসেনকে ভুরুঙ্গামারী থানায় হস্তান্তর করে।

ভুরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাংলাদেশ পাসপোর্ট আদেশ ১৯৭৩-এর১১(১)ক ধারায় আটক দেখিয়ে গতকাল কামালকে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।