সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য পদ থেকে সাংবাদিক শিমুল হত্যা মামলার প্রধান আসামি ও শাহজাদপুর পৌরসভার সাবেক মেয়র হালিমুল হক মিরুকে অব্যাহতি দেয়া হয়েছে। গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি হোসেন আলী হাসান।
এর আগে বৃহস্পতিবার বিকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত একটি পত্রে সংশোধিত কমিটির তালিকায় হালিমুল হককে অব্যাহতি দেয়া হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি হোসেন আলী হাসান সাংবাদিকদের বলেন, ‘জেলা আওয়ামী লীগের কমিটিতে হালিমুল হক মিরুকে কার্যনির্বাহী সদস্য পদ দেয়ার পর থেকে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছিল। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নজরে আসে। এর পরিপ্রেক্ষিতে কার্যনির্বাহী সদস্যদের তালিকা থেকে মিরুকে অব্যাহতি দেয়া হয়েছে।’
গত বছরের ২৮ ফেব্রুয়ারি সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে জেলা আওয়ামী লীগের সম্মেলন হয়। প্রায় এক বছর পর ১৯ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।










