টাঙ্গাইল জেলার মির্জাপুর পৌরসভার শূন্য ঘোষিত মেয়র পদের উপ-নির্বাচনে স্থানীয় আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন প্রয়াত মেয়র সাহাদৎ হোসেন সুমনের স্ত্রী সালমা বেগম শিমু। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ।
তিনি জানান, উপ-নির্বাচনে দলের একাধিক প্রার্থী মনোনয়ন প্রত্যাশী থাকলেও মরহুম সাহাদৎ হোসেন সুমনকে সম্মান দেখিয়ে নৌকা প্রত্যাশী দলীয় প্রার্থীদের সাথে সমঝোতার মাধ্যমে জেলায় সালমা আক্তার শিমুর নাম পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
আজ বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম কিনেন সালমা বেগম শিমু। প্রতিক্রিয়ায় তিনি বলেন, উপজেলা আওয়ামী লীগের নেতাদের কাছে আমি কৃতজ্ঞ। পৌরসভা নিয়ে আমার স্বামী প্রয়াত মেয়র সাহাদৎ হোসেন সুমনের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আমি কাজ করে যাবো।
প্রসঙ্গত, গত ১১ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মির্জাপুর পৌরসভার (সাবেক) মেয়র সাহাদৎ হোসেন সুমন।
জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা এএইচএম কামরুল হাসান জানান, পৌরসভার উপ-নির্বাচনের ব্যাপারে আমরা সজাগ এবং সব ধরনের প্রস্তুতি রয়েছে। যেহেতু টাঙ্গাইল জেলায় এবারই প্রথম বড় পরিসরে কোনো নির্বাচনে ইভিএম ব্যবহার হচ্ছে তাই এই পদ্ধতিতে ভোট প্রদানের নিয়মকানুন নিয়েও সামনে জোর প্রচারণা চালানো হবে।










