বাগেরহাটে নির্মাণাধীন নার্সিং কলেজে কাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সাব্বির মাল (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো ২ শ্রমিক। শুক্রবার (১০ মে) বাগেরহাট সদর উপজেলার হাড়িখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. সাব্বির মাল মোরেলগঞ্জ উপজেলার হরতকি তলার সেলিম মালের ছেলে।

আহতরা হলেন একই গ্রামের ইলিয়াস হাওলাদারের ছেলে রবিন হাওলাদার (২২) ও মো. আল আমিনের ছেলে মো. আরমান (২৫)। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শ্রমিকরা জানান, সাব্বির, রবিনসহ ৫-৬ জন শ্রমিক পিলারের বেজে রডের তৈরি খাঁচা নামানোর সময় অসাবধানতাবশত খাঁচা নিয়ে পড়ে যায়। এ সময় ওয়েল্ডিং করা বিদ্যুতের তারে পিলার জড়িয়ে গেলে তিনজন আহত হন। আহতদের উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মো. সাব্বির মালকে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, বিদ্যুতায়িত হয়ে একজন মারা গেছে। আহত দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহের সুরতহাল করা হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।