জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ে বন্ধ হয়ে যাওয়া নরসিংদীর ঘোড়াশাল তাপ বিদ্যুৎকেন্দ্রের ৫ নম্বর ইউনিটটি চালু হওয়ার দুদিন পর ফের বন্ধ হয়ে গিয়েছে। গতকাল বেলা ৩টার দিকে ইউনিটটির রিজেনারেটিভ হিটার নষ্ট হয়ে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায় বলে জানান ঘোড়াশাল তাপ বিদ্যুৎকেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আবু বক্কর ছিদ্দিক।

জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ে বন্ধ হয়ে যাওয়া বিদ্যুৎকেন্দ্রের ৫ নম্বর ইউনিটে সাতদিন পর গত সোমবার যান্ত্রিক সমস্যা সমাধান করে উৎপাদন শুরু করে। কিন্তু গতকাল দুপুরে ইউনিটটির রিজেনারেটিভ নষ্ট হয়ে গেলে আবারো বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। এটি মেরামত করে পুনরায় ইউনিটটিতে বিদ্যুৎ উৎপাদন শুরু করতে সাতদিন সময় লাগবে বলে জানান বিদ্যুৎকেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী।

৪ অক্টোবর বেলা ২টা ৫ মিনিটে জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিলে হঠাৎ করে ঘোড়াশাল তাপ বিদ্যুৎকেন্দ্রের ৪ ও ৫ নম্বর ইউনিট দুটি বন্ধ হয়ে যায়। পরে এক ঘণ্টার মধ্যে ৩৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৪ নম্বর ইউনিটটি চালু করা গেলেও ২১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৫ নম্বর ইউনিটটি চালু করা যায়নি। বিদ্যুৎকেন্দ্রের ৫ নম্বর ইউনিটটির সেফটি বাল্ব ফেটে যাওয়ায় ইউনিটটি সাতদিন পর চালু করলেও চালুর দুদিন পর গতকাল দুপুরে ফের এর উৎপাদন বন্ধ হয়ে যায়।