বিশ্ববাজারে তামার সরবরাহ নিয়ে উদ্বেগ কিছুটা কমায় মজুদ বেড়েছে। তবে ডলারের বিনিময় হার কমে যাওয়ায় ধাতুটির দামে বড় পতন হয়নি। খবর বিজনেস রেকর্ডার।
গতকাল প্রতি টন তামার দাম দশমিক শূন্য ৪ শতাংশ কমে ১৪ হাজার ৪৩ ডলার ৫০ সেন্টে নেমে আসে। সাংহাই ফিউচারস এক্সচেঞ্জে (এসএইচএফই) তামার দাম দশমিক ১৫ শতাংশ বেড়ে ১ লাখ ৭ হাজার ১৪০ ইউয়ানে দাঁড়ায়।
এলএমইর তথ্য অনুযায়ী, গত বুধবার তামার মজুদ বেড়েছে আরো ১২ হাজার ৪২৫ টন। বর্তমানে মজুদ দাঁড়িয়েছে ২ লাখ ৩৫ হাজার ৯৭৫ টনে, যা এক সপ্তাহ আগের তুলনায় ১১ শতাংশ বেশি। তবে তিন মাস আগের তুলনায় মজুদ এখনো ৪০ শতাংশ কম।
এদিকে ডলারের বিনিময় হার তিন মাসের মধ্যে সর্বনিম্নের কাছাকাছি নেমেছে। ডলারের বিনিময় হার কমলে বিদেশী ক্রেতাদের জন্য পণ্য কেনাকাটা তুলনামূলক সস্তা হয়। ফলে তামার দামে তা ইতিবাচক প্রভাব ফেলে।










