জুলাই মাস থেকে মেট্রোরেলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)
কর্তৃক ভ্যাট আরোপের তীব্র বিরোধিতা করছে পরিকল্পনা ও উন্নয়ন গবেষণা এবং নীতি
বিশ্লেষণী প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি)। এর
ফলে মেট্রোরেলে ১৫ শতাংশ ভাড়া বেড়ে যাবে, ফলে মেট্রোরেল
ব্যবহারকারী ঢাকার স্বল্পবিত্ত ও মধ্যবিত্তের অনেকেরই জন্য মেট্রোরেলের নিয়মিত
ব্যবহার সাধ্যের বাইরে চলে যেতে পারে। ফলে ঢাকার ধনী-গরিবের গণপরিবহন মেট্রোরেলে
ভ্যাট আরোপের সিদ্ধান্ত দ্রুত প্রত্যাহারের দাবি করছে আইপিডি।
ঢাকা শহরে
মেট্রোরেলের বিদ্যমান
ভাড়া এশিয়ার অন্য অনেক দেশের তুলনায় এমনিতেই বেশি আছে। ভারতের কলকাতা, পাকিস্তানের লাহোর, ইন্দোনেশিয়ার জাকার্তা, মালয়েশিয়ার কুয়ালালামপুর প্রভৃতি মেট্রোরেলে চলাচলের ব্যয়
বাংলাদেশের মেট্রোরেল এর বর্তমান ভাড়ার তুলনায় কম।
তা সত্তেও পিক আওয়ারে
ঢাকার মেট্রোরেলে যাত্রীর বর্তমান চাহিদা ও মাত্রাতিরিক্ত চাপ দেখে বিভ্রান্ত হবার
সুযোগ নেই যে, মেট্রোরেলের বর্তমান ভাড়া মানুষের
নিয়মিত যাতায়াতের সাধ্যসীমার মধ্যেই আছে। ঢাকায় মানসম্মত গণপরিবহনের তীব্র সংকট
এবং মাত্রাতিরিক্ত যানজটের কারণে অনেক সাধারণ মানুষ দৈনন্দিন অন্যান্য ব্যয় থেকে কাটছাঁট
করেই সাধ্যের অতিরিক্ত ভাড়া দিয়েই মেট্রোরেলে নিয়মিত যাতায়াত করছেন। উত্তরা-মতিঝিলের
মধ্যবর্তী রুটের অনেক স্বল্প আয়ের লোকেরা বিদ্যমান ভাড়াতেই মেট্রোরেল চড়বার সামর্থ্য
না থাকায় একান্ত বাধ্য হয়েই এই রুটের মানহীন বাসে চলাচল করছেন।
মেট্রোরেলের যাত্রী পরিবহন সক্ষমতা দৈনিক ৫ লাখ হলেও এখন
ঢাকায় প্রায় ৩ লাখ যাত্রী এটি ব্যবহার করছে। ফলে এখনও সক্ষমতার পুরো মাত্রায়
মেট্রোরেলের ব্যবহার করতে পারছি না আমরা। এমন অবস্থায় মেট্রোরেলের ভাড়া বৃদ্ধির
প্রস্তাব এটির ব্যবহারকে সংকুচিত করতে পারে। রাজধানী ঢাকার মত মেগা সিটিতে যাতায়াত
ও পরিবহনে মানসম্মত গণপরিবহন ব্যবস্থার সুযোগ মানুষের অন্যতম অধিকার। এসডিজির
ধারণায় অন্যতম হচ্ছে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক নগর যেখানে পরিষেবা ও নাগরিক
সুবিধাদি সকল আয়ের মানুষের সাধ্যের মধ্যে রাখাই রাষ্ট্রের অন্যতম লক্ষ্য। ফলে
মেট্রোরেলের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের উচিত বিদ্যমান মূল্য সংযোজন কর মওকুফ
সুবিধা অব্যাহত রাখা। মেট্রোরেলে ভ্যাট বসাতে এনবিআরের প্রদেয় যুক্তি 'আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত অনুসারে সব ধরনের
করছাড় কমাতে হবে' যথার্থ নয় এবং ফলে অগ্রহণযোগ্য।
মেট্রোরেলের মত গণপরিবহনে আইএমএফ এর নীতির অতিসরলীকরণ ও
অপপ্রয়োগ একেবারেই কাম্য নয় বলে মনে করে আইপিডি।
দেশের ৮৭ শতাংশ ধনী এবং উচ্চ-মধ্যবিত্ত নাগরিক আয়কর দেন না
বলে সম্প্রতি জানিয়েছে বাংলাদেশ অর্থনীতি সমিতি। ধনী-গরিবের গণপরিবহন মেট্রোরেলে
ভ্যাটের মত পরোক্ষ কর বসিয়ে রাজস্ব আদায় না করে ধনীদের আয়করের মত প্রত্যক্ষ কর
বাড়ানোতে জাতীয় রাজস্ব বোর্ডের নজর দেয়া উচিত বলে মনে করে আইপিডি। একইসঙ্গে মেট্রোরেলের
ভাড়া সাধ্যের মধ্যে রাখতে গণমানুষের সক্ষমতা বিবেচনায় নিয়ে যোগাযোগ মন্ত্রণালয়, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এবং
এনবিআরের মধ্যে কার্যকর সমন্বয়ের মাধ্যমে মেট্রোরেলের সাশ্রয়ী ভাড়া নিশ্চিত করবার
দাবির পাশাপাশি মেট্রোরেলে ভর্তুকি কমানোর বিকল্প কৌশল অনুসন্ধানের দাবী জানাচ্ছে
জানাচ্ছে আইপিডি।
---------
ধন্যবাদসহ,
অধ্যাপক ড.
আদিল মুহাম্মদ খান, পরিচালক,
আইপিডি।
ড. মোহাম্মদ আরিফুল ইসলাম,
নির্বাহী পরিচালক, আইপিডি।।










