ব্যবসায়ী ও সাবেক ফুটবলার আবদুস সালাম মুর্শেদীকে তিন মাসের মধ্যে গুলশানের বাড়ি ছাড়তে হাইকোর্টের দেয়া রায়ের ওপর স্থিতাবস্থা জারি করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে সালাম মুর্শেদীর বাড়ি এখন যে অবস্থায় আছে সে অবস্থাতেই থাকবে বলে জানিয়েছেন আইনজীবীরা।
আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি মো. আশফাকুল ইসলামের একক বেঞ্চ গতকাল এ আদেশ দেন। আদালতে সালাম মুর্শেদীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা। রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার অনীক আর হক।
গত ১৯ মার্চ তিন মাসের মধ্যে বাড়ি ছাড়ার জন্য সালাম মুর্শেদীকে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ নির্দেশ দেন। রায়ের অনুলিপি পাওয়ার তিন মাসের মধ্যে সালাম মুর্শেদীকে গুলশানের বাড়ি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কাছে হস্তান্তরের নির্দেশ দেয়া হয়। একই সঙ্গে বাড়ি বুঝে পাওয়ার ১৫ দিনের মধ্যে গণপূর্ত সচিবকে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করতে বলা হয়। সংসদ সদস্য আবদুস সালাম মুর্শেদীর বিরুদ্ধে গুলশান-২ নম্বরে অবস্থিত বাড়িটি দখলে রাখার অভিযোগে জনস্বার্থে করা রিটের ওপর রায় ঘোষণা করা হয়। সে সময় বাড়িটি পরিত্যক্ত সম্পত্তি বলে উল্লেখ করেন আদালত।
রাজধানীর গুলশান-২-এ অবস্থিত বাড়িটি দখলে রাখার অভিযোগ তুলে অনুসন্ধানের নির্দেশনা চেয়ে ২০২২ সালের ৩০ অক্টোবর রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন।









