বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। কৃষিকে সমৃদ্ধিশালী করতে ৭০ শতাংশ ভতুর্কিতে সিআইজি কৃষকদের মধ্যে পাওয়ার টিলার ও ধান মাড়াইয়ের মেশিন দিচ্ছে বর্তমান সরকার।
গতকাল সকালে টাঙ্গাইলের ধনবাড়ীতে পাওয়ার টিলার ও ধান মাড়াইয়ের মেশিন বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কৃষি খাতকে এগিয়ে নিতে কৃষি মন্ত্রণালয় ৩ হাজার কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে বলেও জানান মন্ত্রী।
ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শেখ শামছুল আরেফীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনএটিপি টু প্রকল্পের পরিচালক আজহারুল ইসলাম সিদ্দিকী, ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, কৃষিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মাকছুদুল হাসান মাছুদ, কৃষি অফিসার মাহবুবুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাসুদুর রহমান, ফাহিমা আক্তার ফাহিমসহ অন্যরা।










