জয়পুরহাটে ভিজিডির ১০২ বস্তা (প্রতিটি ৩০ কেজি) চাল পাচার করার দায়ে দুই জনকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে আক্কেলপুর উপজেলার রাইকালী বাজার থেকে এসব এসব চালভর্তি একটি ডিজেল ইঞ্জিনচালিক ট্রলি জব্দ করা হয়। চালকদের তথ্য অনুযায়ী পরে চাল সরবরাহকরী দুই জনকে আটক করা হয়। এই দুই জনের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ মামলার স্বাক্ষী করা হয়েছে ট্রলির ড্রাইভার ও হেলপারকে। এ  ঘটনায় উপজেলা প্রশাসন একটি তদন্ত কমিটিও গঠন করেছে।  

আটক দুই আক্কেলপুর উপজেলার ভাঁটকুড়ি গ্রামের আত্তাব মণ্ডলের ছেলে নাছিম মণ্ডল (৩৩) ও রায়নগর গ্রামের তোজাম্মেল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (৩৫)। আজ সোমবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে ভিজিডির চালবোঝাই একটি ট্রলি তিলকপুর থেকে আসার পথে রায়কালী ফিলিং স্টেশনের কাছে স্থানীয় লোকজন পথ আটকায়। পরে তারা পুলিশকে খবর দেন। রাত সাড়ে ১০টায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালবোঝাই ট্রলিটি থানায় নিয়ে যায় এবং এ ঘটনা ইউএনওকে জানায়।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ জানান, চালগুলো জব্দ করে থানায় রাখা হয়েছে। ট্রলির চালক ও সহযোগীকে জিজ্ঞাসাবাদের পর তাদের স্বাক্ষী করে অপর দুই জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিউল ইসলাম বলেন, চাল জব্দের ঘটনায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা ও সমবায় কর্মকর্তাকে সদস্য  করে  তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  

তদন্তের দায়িত্ব পাওয়া আক্কেলপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা রানি পাল বলেন, পুলিশ ভিজিডির চাল জব্দ করেছে বলে শুনেছি। এই চালগুলো কোথা থেকে এলো, কাদের চাল এ বিষয়ে তদন্ত করা হচ্ছে ।